যে কারণে ওবায়দুল কাদেরের শ্যালককে আটকের পর ছেড়ে দিল পুলিশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

শেখ হাসিনা সরকার পতনের থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই (শ্যালক) নুরুল হুদা বাবুকে (৭০) চট্টগ্রাম নগর থেকে আটকের পর ছেড়ে দিয়েছে  পুলিশ। 

গতকাল শনিবার (৯ নভেম্বর) নগরের আগ্রাবাদ এক্সেস রোডের এআর টাওয়ারের ৪/এ নম্বরের ফ্ল্যাট থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। নামের মিল থাকায় তাকে আটকের পর রবিবার ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। 

এ ব্যাপারে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, আটক হওয়া নুরুল হুদা বাবু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট আত্মীয়। তার নামে কোনো মামলা নেই। তবে একই নামে আরেকজন মামলার আসামি আছে। নামের মিল থাকায় তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নগরের ডবলমুরিং থানায় নুরুল হুদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। তবে এজাহারে উক্ত আসামির ঠিকানা ও বাবার নাম ছিল না। যাচাই-বাছাই করে দেখা গেছে, আগ্রাবাদ থেকে আটক হওয়া নুরুল হুদা বাবু উক্ত মামলার আসামি নন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত