অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্ণবাদের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন খাজা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

লাল বলে অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ওপেনার উসমান খাজা। অথচ ক্যারিয়ারের প্রারম্ভে এই খাজাই বর্ণবাদের শিকার হয়েছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটে বর্ণবিদ্বেষের কথা কারওরই অজানা নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারই এর শিকার হয়েছেন। এবার উসমান খাজা জানালেন তার নিজের অভিজ্ঞতা।

খাজার জন্ম পাকিস্তানে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান। ছোটবেলা থেকে ক্রিকেটের পোকা হওয়ায় পেশাদার ক্রিকেটার হতে চেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শ্বেতাঙ্গদের দাপট দেখে তিনি অবাক হয়ে যান। তাদের সংস্কৃতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেননি। তাই সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অস্ট্রেলীয়দের মতো আচরণ করতেন।

খাজা জানিয়েছেন, বর্ণবাদী আক্রমণ এতটাই বেশি ছিল যে তিনি মনেপ্রাণে চাইতেন শ্বেতাঙ্গ হতে। তার ভাষায়, ‘আমি যতটা সম্ভব অস্ট্রেলীয় হয়ে উঠতে চেয়েছিলাম। জোর করে শ্বেতাঙ্গদের মতো হতে চেয়েছিলাম। মনে হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গেলে সেটাই করতে হবে।’

খাজার মতে, পরিস্থিতি আরও খারাপ হয় ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর। সেই ঘটনায় ওসামা বিন লাদেন যুক্ত থাকায় বিশ্বজুড়েই মুসলিমদের ওপর চাপ বেড়ে যায। খাজা বলেছেন, ‘সেই ১১ সেপ্টেম্বরের পর সারা বিশ্বেই পরিস্থিতি বদলে গিয়েছিল। বড় হওয়ার সময় চোখের সামনে অনেক কিছু দেখেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে।’

অভিজ্ঞ এই ওপেনার অবশ্য বলেছেন যে, গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বর্ণবাদ অনেকটাই কমে এসেছে। তার কথায়, ‘গত পাঁচ বছরে বারবার ভেবেছি, এদেশের ক্রিকেটে আমি কী ছাপ রাখতে পারি? দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। লোকে ক্রিকেটার হিসাবেই আমাকে মনে রাখবে। তবে অস্ট্রেলিয়ায় এমন অনেক কিছু রয়েছে যা দেখার মতো। সবার সেই অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত