অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীকে অভিনন্দন জানান তিশা।
বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন। দাম্পত্য সঙ্গী ফারুকীর ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’
এদিকে উপদেষ্টা হওয়ায় ফারুকীকে নিয়ে অনেকেই কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর জানালেন ফারুকী উপদেষ্টা হওয়ায় নিজেদের গোত্রের একজন লোক পাওয়া গেছে। ফেসবুকে লিখেছেন, আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন। অভিনন্দন ফারুকী ভাই।
আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে যোগ দিলেন ফারুকী।
আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।
বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হয়েছে শেখ মুজিবের ছবি : উপদেষ্টা মাহফুজ
পরমব্রতের পরিচালনায় অনির্বাণ, কী থাকছে চমক?