শিবচরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:৩৭ এএম

মাদারীপুরে শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে হিরু মাতুব্বর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি চকেরবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিরু মাতুব্বর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, এলাকার বিএনপির দুপক্ষ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রবিবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় অন্তত আটজন। এ ঘটনার জেরে সোমবার দুপুরে ফের সংঘর্ষ হলে একজনের মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে বিএনপিকে ঘিরে দুটি বলয় তৈরি হয়েছে। এলাকায় ফরাজি, মোল্লা এবং মাতুব্বর এই তিনটি গোষ্ঠী বেশ শক্তিশালী। আওয়ামী লীগের শাসনামলে মাতুব্বর ও ফরাজী গোষ্ঠী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল।

অন্যদিকে মোল্লা গ্রুপ বিএনপির সমর্থক। এদিকে ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিএনপির এই দুটি গ্রুপ তৈরি হয়। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং মালেক মোল্লা আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির দুই গ্রুপের মধ্যেই স্থানীয় মাতুব্বর ও ফরাজী গোষ্ঠীর লোকজনের সমর্থন রয়েছে।

নিহতের স্ত্রী রোজিনা বলেন, ‘ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। আমরা পুকুর থেকে আনতেই দেখি তিনি আর বেঁচে নেই! টুকু ফরাজির লোকজন আমার স্বামীরে মাইরা ফেলছে।’

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, ‘দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুই দল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রবিবার রাতে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় কমপক্ষে আটজন। এর জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, ‘খবর পেয়ে শিবচর থানা-পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত