‘গতি কিনতে পাওয়া যায় না’, রানার বোলিংয়ে মুগ্ধ সিমন্স

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

অতীতে কখনও শারজায় জেতেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচেছে। তবে আফগানিস্তানের কাছে হারতে হয়েছে সিরিজটা। তাহলে কী এক ম্যাচ জয় ছাড়া লাল-সবুজের জার্সিধারীরা আর কিছু পায়নি এই ওয়ানডে সিরিজ থেকে? নাহ পেয়েছে। টেস্টের পর এবার রঙিন পোশাকেও নাহিদ রানার মতো গতি তারকা এসেছে।

আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটাই খেলেছেন তরুণ এই পেসার। যে ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছে তার। অভিষিক্ত ম্যাচে ১০ ওভারে ৪০ রান দিয়ে রানা পেয়েছেন সাদিকউল্লাহ আতাল ও গুলবাদিন নাইবের উইকেট দুটি। নিখাদ গতি ও সঠিক লাইন–লেংথে বল করে সাদা বলের ক্রিকেটেও সম্ভাবনার জানান দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার।

তৃতীয় ওয়ানডেতে নাহিদের বোলিং দেখে মুগ্ধ বাংলাদেশের কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বললেন, এমন গতিময় বোলার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। নাহিদ রানাকে কীভাবে আরও ভালো বোলার বানানো যায়, সেই চিন্তার কথাও জানালেন সিমন্স।

ম্যাচের পর সিমন্স সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়েই নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘রানা আজ অবিশ্বাস্য রকম ভালো বল করেছে। গতি কিনতে পাওয়া যায় না। আপনি কাউকে জোরে বল করতে শেখাতেও পারবেন না। রানার গতিটা প্রকৃতিদত্ত। আমরা চেষ্টা করব, তাকে ঘষেমেজে আরও ভালো বোলার বানানোর। অসামান্য প্রতিভাধর সে, সে সব সময়ই চায় জোরে বল করতে। আমি তো এমন কিছু দেখতেই ভালোবাসি।’

নাহিদ রানা কাল আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালকে ১৪৭ কিলোমিটার গতির বলে বোল্ড করেছেন। এরপর নাইবকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক নাহিদ রানার। এরপর খেলা পাঁচ টেস্টে এখন পর্যন্ত ১৪ উইকেট পেয়েছেন। পাকিস্তান সফরের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের মিডলঅর্ডার গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকাও রেখেছেন নাহিদ রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত