অনিয়মের প্রতিবেদন তৈরি করতে রোগীর বক্তব্য ভিডিও ধারণের সময় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকের মাইক্রোফোন (বুম), স্ট্যান্ড ও মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে। এ সময় ক্যামেরা স্ট্যান্ড দিয়ে মুকুল হোসেন নামে এক সাংবাদিককে মারধরও করেন তিনি।
গতকাল সোমবার বিকেলে কাজিপুর ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এডহক থেকে মেডিকেল অফিসার পদে নিয়োগ পাওয়া মোমেনা পারভীন পারুল ২০২০ সালে কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পান। এই পদে থেকে বিগত ৫ বছর ধরে তিনি অনিয়ম-দুর্নীতি করে আসছেন। এছাড়াও দায়িত্ব পালনকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে পিতা বানিয়ে ব্যাপক দাপটে চলেন এই কর্মকর্তা। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় নানা সময় প্রকাশিত হয়।
এ অনিয়মের প্রতিবেদন তুলে ধরতে গতকাল বিকেলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যান এশিয়ান টিভির কাজিপুর উপজেলা প্রতিনিধি রাব্বি হাসান হৃদয় ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার রিপোর্টার মুকুল হোসেন। তারা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলার সময় ডা. মোমেনা পারভীন পারুল নিজের কক্ষ থেকে বের হয়ে প্রথমে তাদের মাইক্রোফোন (বুম) কেড়ে নেন। এরপর ক্যামেরা স্ট্যান্ড ও মোবাইল ফোনও কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
এশিয়ান টেলিভিশনের কাজিপুর প্রতিনিধি রাব্বি হাসান হৃদয় বলেন, ‘কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করতে সেবা গ্রহীতাদের ভিডিও সাক্ষাৎকার নিচ্ছিলাম। তখন ডা. মোমেনা পারভীন পারুল পেছন থেকে অতর্কিতভাবে ধাক্কা দেন। তিনি বুম, স্ট্যান্ড কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং ভিডিওর কাজে ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। ক্যামেরা স্ট্যান্ড দিয়ে তিনি সাংবাদিক মুকুল হোসেনকে বেধড়ক মারধর করেন।’
বিষয়টি নিয়ে কথা বলতে ডা. মোমেনা পারভীন পারুলকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মারা গেছেন সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া
দ্বিতীয় প্রেমিকের বাড়ির উঠানে মিলল প্রথম প্রেমিকের লাশ
সঠিক তথ্যের জন্য সরকার গণমাধ্যমের উপর নির্ভরশীল: নাহিদ ইসলাম