১৯ বছরের ক্যারিয়ার শেষ হলো ফরহাদের টেস্ট না খেলেই 

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

রাজশাহীতে জন্ম নেওয়া বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ হোসেন প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন। ৩৮ বছর বয়সী ফরহাদ তাঁর দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ঘরের মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার শেষবারের মত মাঠে নেমেছিলেন ফরহাদ। যদিও তাঁর দল শেষ ম্যাচে জয়ী হতে পারেনি; রংপুর ১০১ রানে জয়লাভ করে। ম্যাচে ফরহাদ প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন।
ফরহাদ হোসেনের প্রথম শ্রেণির ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে, রাজশাহী স্টেডিয়ামে। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৬১টি ম্যাচ, যেখানে ২৭৫ ইনিংসে ৩৫.৯৭ গড়ে করেছেন ৯ হাজার ৬৫ রান। তাঁর অর্জনের মধ্যে আছে ১৮টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, বল হাতেও তিনি ছিলেন কার্যকর; ডানহাতি অফব্রেক বোলিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৬৫টি উইকেট, যেখানে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার।

ফরহাদের সেরা সময় ছিল ২০০৮-০৯ থেকে ২০১১-১২ পর্যন্ত, যখন রাজশাহী বিভাগ পরপর চারবার জাতীয় ক্রিকেট লিগ জয় করেছিল। এই সময়ে ফরহাদ ছিলেন দলের মূল স্তম্ভ; ৪৬.৯৩ গড়ে ২২০৬ রান করেছিলেন, যাতে ছিল পাঁচটি সেঞ্চুরি। কিন্তু বাংলাদেশ 'এ' দলের হয়ে দুইটি অপ্রত্যাশিত পারফরম্যান্স নির্বাচকদের কাছে গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয় নির্বাচকদের কাছে। তাই একটি আক্ষেপ নিয়েই অবসরে যেতে হলো তাকে। 'অন্য সব ক্রিকেটারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন আমারও ছিল। একসময় টেস্ট দলে সুযোগ পাওয়ার খুব কাছেও চলে এসেছিলাম। তবে এসব ভাগ্যের ব্যাপার' বলেছেন ফরহাদ। দুর্ভাগ্য বাংলাদেশ দলেরও, দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের সেরা একজন স্লিপ ফিল্ডারকে দেখা যায়নি আন্তর্জাতিক আঙিনায়। 

তুষার ইমরান, নাঈম ইসলামের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করার কাছাকাছি ছিলেন ফরহাদ। কিন্তু গত দুটি মৌসুমের পড়তি ফর্মের কারণে সেটা আর হয়ে উঠলো না। 

বিদায়ী ম্যাচ শেষে ফরহাদকে খেলোয়াড়দের সই করা রাজশাহী বিভাগের একটি জার্সি উপহার দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। এসময় সাবেক বাংলাদেশ ও রাজশাহী বিভাগের অধিনায়ক খালেদ মাসুদ, ম্যাচ রেফারি ও সাবেক জাতীয় খেলোয়াড় এহসানুল হক উপস্থিত ছিলেন।

ফরহাদ জানিয়েছেন, লিস্ট 'এ' ক্রিকেটটা চালিয়ে যাবেন তিনি। এই ফরম্যাটে ১৩৫ ম্যাচে ৩৩০৪ রান রয়েছে তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত