দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতিতে ট্রেন স্টপেজসহ ৫ দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ৫টার দিকে স্থানীয়রা লাল পতাকা দেখিয়ে ট্রেনটির গতিরোধ করে রেললাইনের উপর বিক্ষোভ করে।
এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা দাঁড় করিয়ে রাখে। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে জগতি স্টেশন ত্যাগ করে।
তাদের দাবিগুলো হলো— জগতি রেল-ভবনের সংস্কার, রেলস্টেশনের আধুনিকায়ন, অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা, জগতি রেলস্টেশনের প্রথম ভবনকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত করা এবং জগতি রেলস্টেশনের পুরনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করা।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, ‘দেশের প্রথম রেলওয়ে স্টেশন হলো এই জগতি স্টেশন। কিন্তু এখানে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। তাই আমাদের সবার দাবি এই স্টেশনে যেন সব আন্তঃনগর ট্রেন থামে তার ব্যবস্থা করা।
মানবাধিকার কর্মী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসাবে এটির অস্তিত্ব ও ঐতিহ্য রক্ষায় পূর্বের রুপকে অবিকৃত রেখে সংস্কার করা সময়ে দাবি।
রেলওয়ের খুলনা বিভাগের গার্ড (গ্রেড-২) ও আটকে থাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক মাহবুবুল ইসলাম জানান, লাল পতাকা দেখিয়ে স্থানীয়রা বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে অবরুদ্ধ করে ৫ দফা দাবি উত্থাপন করে। এসময় ট্রেনটি ২ ঘণ্টা ধরে আটকে রাখে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
কুষ্টিয়া কোর্ট স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইতিয়ারা খাতুন জানান, জগতি স্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস টেনটি আটকে থাকার কারণে নির্ধারিত সময় থেকে দুই ঘণ্টা বিলম্বে কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসে ট্রেনটি। এছাড়া সিঙ্গেল লাইন হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাথা ট্রেনটি কুষ্টিয়া স্টেশনে আটকা পড়ে। এছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা বিলম্ব করে কুষ্টিয়া স্টেশন থেকে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ, উদ্বিগ্ন ভারত
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে মির্জাপুরে বিক্ষোভ