মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম

ভারতের ১০টি শহরে আগামী মাস পর্যন্ত টানা শো রয়েছে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের। এর আগে অবশ্য কানাডা, দুবাই থেকে অষ্ট্রেলিয়া-সহ বিভিন্ন মহাদেশের ফ্যানদের মন জয় করেছেন। এ বার নিজের দেশেই গান গাইতে গিয়ে আইনি ঝামেলায় জড়ালেন গায়ক। দিল্লিতে ছিল তার প্রথম শো। ১৫ নভেম্বর তেলঙ্গানায় শো। তার আগেই আইনি নোটিস পেলেন তিনি। সেখানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ভাবেই যেন গায়ক তার গানে মদ কিংবা মাংসের প্রচার না করেন।

সম্প্রতি চণ্ডীগড়ের এক অধ্যাপক দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ জানান। তার অভিযোগ ছিল, ‘গায়ক অনুষ্ঠানে যে ধরনের গান গেয়েছেন, তা তরুন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।’ অভিযোগপত্রের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেন। সেই ভিডিওতে নাকি দেখা গিয়েছে গায়ক মাদক এবং হিংসার প্রচার করছেন। তার বিরুদ্ধে জারি হওয়া আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, শো চলাকালীন দিলজিৎ যেন কোনও ভাবেই শিশু বা ১৩ বছরের নীচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি না নিয়ে আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজ়ার আলো ব্যবহার করা হয় যা শিশুদের জন্য অস্বাস্থ্যকর। যদিও শুক্রবারই সন্ধ্যা ৭টার সময় হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিৎ  দোসাঞ্জের পরবর্তী শো। 

অক্টোবর মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের শোয়ের পরে যে চিত্র ক্যামেরাবন্দি হয় তা রীতিমতো উদ্বেগের ছিল। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল! এ বার হায়দরাবাদের শোয়ে গায়ক দর্শক ও অনুরাগীদের উদ্দেশে সংযত হওয়ার কী বার্তা দেন সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত