৩৯ বছরেও বাইসাইকেল কিক! কোথায় থামবেন রোনালদো?

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

ফুটবলে বাইসাইকেল কিক বিরল কোনো ঘটনা নয়, আবার খুব হরহামেশাও ঘটে না। দর্শনীয় এই কিকে গোল করতে দুর্দান্ত কৌশল, অসামান্য ফিটনেস আর মনোসংযোগের প্রয়োজন হয়। বয়সও একটা বড় ব্যাপার। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৩৯ বছর। এই বয়সেও গতকাল রাতে পোল্যান্ডের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে তাক লাগিয়ে দিলেন!

উয়েফা নেশনস লিগের ম্যাচটি পর্তুগাল জিতেছে ৫-১ গোলে। জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ৮৩তম মিনিটে রোনালদোর সেই বাইসাইকেল কিকে গোল। এর আগে ৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে একটি গোল করেছেন। আরেকটি গোলে সহায়তাও করেছেন। কিন্তু আরও কিছু দেখানো বাকি ছিল সিআর সেভেনের। ম্যাচের শেষ মুহূর্তে সেই কারিশমা দেখিয়ে দিলেন।

ডান পাশ থেকে ভিতিনিয়া খানিকটা উঁচু করে বল বাড়ান ছয় গজ বক্সের ভেতরে। বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এটা তার ১৩৫তম আন্তর্জাতিক গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ৯১০ নম্বর। দুটি মানদণ্ডেই তিনি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। নেশন্স লিগে পাঁচ ম্যাচে মোট পাঁচ গোল করলেন।

কথা হলো, পর্তুগিজ মহাতারকা থামবেন কোথায়? নয়শত গোলের মাইলফলক ছোঁয়ার পর তার হাজার গোলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুক্রবারের ম্যাচের পর আর ৯০টি গোল প্রয়োজন। ৩৯ বছর বয়সী রোনালদো যেভাবে একের পর এক গোল করে যাচ্ছেন, তাতে হয়তো আর বেশিদিন লাগবেও না। এই বয়সে চোট বাঁচিয়ে আর কতদিন খেলতে পারবেন ফিটনেসের রাজা রোনালদো? ভক্তমহলে আপাতত এটাই বড় প্রশ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত