যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে বন্দুক হামলা

  • বিমানটি উড্ডয়নের সময় ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়
  • ফ্লাইটটি ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে যাওয়ার কথা ছিল
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যে বিমানবন্দরের রানওয়েতে একটি বিমান বন্দুক হামলার শিকার হয়েছে। হামলার সময় বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডালাস শহরের লাভ ফিল্ড বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে।   

এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি বুলেট বিমানের ডান পাশে আঘাত করে । ঘটনার পরে বিমানটিকে টার্মিনালে ফিরে যেতে অনুরোধ জানানো হয়।

এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও বিবৃতিতে জানানো হয়। খবর রয়টার্স ও সিবিএস।

তবে এ ঘটনার পর পরই আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে এবং বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেক্সাসের ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-২৪৯৪ বন্দুক হামলার কবলে পড়েছে। এ সময় বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়েছে।

পরে বোয়িং ৭৩৭-৭০০ বিমানটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ফিরে যায়। সেখানে বিমানের জরুরি বহির্গমন দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।

ডালাস পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, কর্মকর্তারা স্থানীয় সময় রাত সাড়ে নয়টার পর বিমানে বন্দুক হামলার খবর পেয়েছিলেন।

ঘটনার পরিস্থিতি বা বন্দুকযুদ্ধের সম্ভাব্য উৎস কী ছিল সে বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। সেই সময় জেটটিতে কতজন লোক ছিল বা বিমানটির কতটা ক্ষতি হয়েছিল তা স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত