খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:১০ এএম

নওগাঁর বদলগাছী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পছন্দমতো ব্যক্তিকে নিয়োগের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির কমিটির বিরুদ্ধে। খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগে একই বিক্রয়কেন্দ্রের জন্য আবেদনকারীর তথ্যাদি যাচাই-বাছাইয়ে একাধিক ব্যক্তি যোগ্য হলে লটারির মাধ্যমে যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠানকে ডিলার হিসেবে নিয়োগ প্রদান করতে হবে। কিন্তু নিয়োগ কমিটি একই কেন্দ্রের জন্য একাধিক আবেদনকারী থাকা সত্ত্বেও লটারি না করেই গত মঙ্গলবার পছন্দমতো ১৫ জন ব্যক্তিকে নিয়োগ দেন। নিয়োগ আদেশ প্রকাশ হওয়ার পর থেকে দুর্নীতি এবং পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার অস্বচ্ছ কমিটি বাতিল ও স্বচ্ছতার মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নওগাঁ জেলা ও বদলগাছীর প্রতিনিধিরা। তাদের সঙ্গে ডিলার নিয়োগের অনেক আবেদনকারীও অংশ নেন। আন্দোলনকারীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারীকে দ্রুত বদলি এবং যোগ্য ব্যক্তিকে স্বচ্ছতার মাধ্যমে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ১৬টি বিক্রয়কেন্দ্রের জন্য আগ্রহী ব্যক্তিদের ২১ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৬৬ জন আবেদন করেন। আবেদনকারীর তথ্যাদি যাচাই-বাছাইয়ে ২৭ জন ব্যক্তির আবেদন বাতিল করা হয়। পরে ৩৯ জন আগ্রহী ব্যক্তির মধ্যে থেকে ১৫ জনকে গত মঙ্গলবার নিয়োগ প্রদান করা হয়।

ডিলার নিয়োগ প্রত্যাশীরা জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়েই তাদের আবেদন বাতিল করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে বাতিলের কারণ জানতে গেলে তা জানাতে অনীহা প্রকাশ করে। পরে ইউএনওকে জানালে খাদ্য নিয়ন্ত্রককে বাতিলের কারণ জানিয়ে দিতে বলেন। কিন্তু তারপরও তিনি কারণ জানাননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের বদলগাছী উপজেলার প্রতিনিধি লিখন হোসেন জানান, বদলগাছী উপজেলার সব সরকারি দপ্তর আগে দলীয়ভাবে পরিচালিত হয়েছে। পুনরায় দপ্তরগুলো সেভাবেই পরিচালিত হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে নওগাঁ জেলা প্রতিনিধি ফজলে রাব্বি বলেন, ‘অস্বচ্ছতার মাধ্যমে ডিলার নিয়োগের বিষয়ে কথা বলতে গেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি দুর্নীতি করে ডিলার নিয়োগ দিয়েছেন। অবিলম্বে তাকে বদলগাছী থেকে অন্যত্র বদলির দাবি জানাই।’

এ বিষয়ে জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সদস্য সচিব সাবরিন মোস্তারী জানান, উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতেই লটারি ছাড়া নিয়োগ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সভাপতি মাহবুব হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জেলা কমিটি সব আবেদনকারীর কাগজপত্র চেয়েছিলেন। সেগুলো জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, যে বিক্রয়কেন্দ্রে একের অধিক যোগ্য আবেদনকারী থাকবে সে বিক্রয়কেন্দ্রে পুনরায় লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত