কুড়িগ্রামের চিলমারীতে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ইউপি সদস্যের ছেলে ফয়সাল হক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চিলমারী থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাবেক ইউপি সদস্যের নাম রেজাউল ইসলাম (৫৫)। গুরুতর আহত হওয়ায় চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
এ ঘটনার ঘটনায় তার ছেলে ফয়সাল হক ঘটনার দিন বিকেলে তিনজনকে আসামি করে চিলমারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন হেলেনা বেগম (৪২), হিমেল মিয়া (২২) ও রিয়াদ মিয়া (২০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম আঞ্জুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারিক বিরোধ ছিল। এরই জেরে গতকাল দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের বসতবাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় লাঠি, রড, পাইপ, ছোরা নিয়ে পথরোধ করে মারধর করতে থাকে। তাদের দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে রেজাউল ইসলামের বাম হাত দুই স্থানে, ডান পায়ের হাঁটুর নিচ এবং ডান হাতের আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
