‘বিদেশি তারকা হলে অসুবিধা হয় না’ মাদকইস্যুতে মুখ খুললেন দিলজিৎ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

কয়েক মাস ধরেই চর্চায় পাঞ্জাবের দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাতি কনসার্ট ট্যুর। ভারতের ১০টি শহরে অনুষ্ঠান করবেন তিনি। দিল্লি থেকে শুরু হয়েছিল তার এই ট্যুর। গত ১৫ নভেম্বর হায়দরাবাদে কনসার্ট করেন দিলজিৎ। কিন্তু শোয়ের দিনই তেলেঙ্গানা সরকার আইনি নোটিশ ধরিয়ে দেয় গায়ককে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গানের মাধ্যমে মাদকসেবনের প্রচার করছেন। শুধু তা-ই নয় তার গানে রয়েছে মদের প্রসঙ্গ। দিল্লির কনসার্টের পর গায়কের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক অধ্যাপক। তবে চুপ থাকেননি দিলজিৎ। এবার মঞ্চেই দিলেন অভিযোগের উত্তর। সরাসরি তোপ দাগেন বিদেশি গায়কদের।

তিনি বলেন, ‘যখন বিদেশ থেকে তারকারা এসে যা ইচ্ছে তাই করে যান, তখন কোনো অসুবিধা হয় না! দেশের শিল্পীর যত দোষ!’ এখানেই থেমে যাননি দিলজিৎ। তার অনুষ্ঠানে বিভিন্ন সময় অনুরাগীরা আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। তা নিয়ে নেটিজেনদের একাংশ সমালোচনা করেছে। যে সব অনুরাগীরা আবেগতাড়িত হয়ে পড়েন তাদের পক্ষ নিয়ে দিলজিৎ বলেন, ‘বেশ করেছেন কেঁদেছেন। যেটা মন চায় সেটাই করবেন।’

উল্লেখ্য, গত অক্টোবরে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিতের শোয়ের পর কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতলের ছড়াছড়ি। এবার তাদের সকলকে যেন একহাত নিলেন গায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত