ভুয়া মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি আছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিত। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম ৫০টা বেনাম।’
ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ মিথ্যা সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিক)।’
সম্প্রতি পাকিস্থান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দিব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন? এই যে একটি পূজা গেল, পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।’
জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে সিএমপি শুধু একজন এবং র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে পারেনি। এমনকি অস্ত্রও উদ্ধার করা যায়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উপস্থিত পুলিশ কমিশনারকে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেপ্তারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন।
পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।’
৪০তম এএসপি ও ক্যাডেট এসআইদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
আ. লীগের নির্বাচনে আসা নিয়ে সারজিসের কড়া হুঁশিয়ারি