নয়নতারা আসলে কে?

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হলেও নয়নতারার জনপ্রিয়তা এখন উপমহাদেশ জুড়ে। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের পরে তার গুরুত্ব ও জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এ ছাড়া এই অভিনেত্রীর অভিনয়ও দর্শককে মুগ্ধতায় বুঁদ রাখে। ফলে নয়নতারা তার বয়সের সঙ্গে নিজের জনপ্রিয়তাকেও ক্রমশ ওপরে তুলছেন।

নয়নতারা নামে পরিচিত হলেও তার আসল নাম কিন্তু এটা নয়। আরও মজার ব্যাপার হলো নয়নতারা হিন্দু বা মুসলিম কোনো পরিবারে জন্মগ্রহণ করেননি। তার আসল নাম ডিয়ানা মারিয়াম কুরিয়ান। দক্ষিণী চলচ্চিত্র জগতে প্রবেশের সময় নিজের পরিচিতি গড়ে তুলতে নাম পরিবর্তন করে রাখেন ‘নয়নতারা’। যেমনটা আমাদের দেশে নিয়মিতই দেখা যায়। এই যেমন সালমান শাহর আসল নাম ইমন। এই সময়ের ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। এটাও তার পর্দার নাম। আসল নাম মাসুদ রানা। চলচ্চিত্র জগতে এটা হামেশাই ঘটে।

সম্প্রতি ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে ‘পুথিয়া নিয়ামাম’ খ্যাত এই অভিনেত্রী জানান তার নতুন নাম ক্যারিয়ারে একটি চমৎকার পরিবর্তন আনতে সহয়তা করেছে।

নয়নতারা কর্ণাটকের বেঙ্গালুরুর মালয়ালি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে মালায়লাম সিনেমা ‘মানসিক্কার’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে নয়নতারা দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে চন্দ্রমুখি, গজিনি, ইরুমুগান এবং সাম্প্রতিক বলিউড ব্লকব্লাস্টার জওয়ান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ানের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এই যাত্রা তার ভক্ত ও অনুরাগীদের জন্য অনুপ্রেরণার একটি উদাহরণ, যেখানে কঠোর পরিশ্রম, প্রতিভা সঠিক সিদ্ধান্ত তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বর্তমানে এই অভিনেত্রী তার অভিষেক চলচ্চিত্রের নির্মাতা সেন্থিল নাল্লাসামি পরিচালিত রাক্কায়িতে অভিনয় করতে চলেছেন। তার ৪০তম জন্মদিন উপলক্ষে, তিনি সিনেমাটির প্রথম লুক টিজার প্রকাশ করেছেন।

অনলাইন অবলম্বনে মুমতাহিনা মেহনাজ অনিভা 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত