জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে। গত ৩ নভেম্বর হাইকোর্ট থেকে এ মামলায় আপিল শুনানির জন্য পেপারবুক (মামলার বৃত্তান্ত) তৈরির অনুমতি নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা। ২০১৮ সালের ২৯ অক্টোবর বিচারিক আদালত চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছর কারাদন্ডাদেশ দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে জিয়া অনফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা মওকুফ করা হয়। ইতিমধ্যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুতের অনুমতি নেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। দুই মামলায় সাজা মওকুফের পরেও আপিল শুনানির যুক্তি হিসেবে খালেদা জিয়ার আইনজীবীরা তখন বলেছিলেন, বিএনপির চেয়ারপারসন আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইনিভাবেই মামলা মোকাবিলা করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।
