১, ১৭, ৪, ১, ৫ – তারিখ নয়, বিরাট কোহলির রান!

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

যার মাঠে নামা মানেই ছিল রানের বন্যা বয়ে যাওয়া, সেই বিরাট কোহলি যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। টেস্টে ২৯টি সেঞ্চুরির মালিকের ব্যাটে রান নেই। আউট হচ্ছেন বাজেভাবে। আজ থেকে শুরু হওয়া পার্থ টেস্টেও দলের মহাবিপদের সময় তিনি আউট হয়েছেন ১২ বলে মাত্র ৫ রান করে!

জস হ্যাজলউডের চতুর্থ স্টাম্পে রাখা শর্ট ডেলিভারিটি একটু বেশিই উঠেছিল। যা কোহলির ব্যাটের ওপরের অংশে লেগে সোজা প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে জমা পড়ে। ৩২ রানে ৩ উইকে হারানো ভারত শেষ পর্যন্ত মাত্র দুই সেশনেই ১৫০ রানে অল-আউট হয়ে যায়। সর্বোচ্চ ৪১ রান করেছেন অভিষিক্ত নিতিশ রেড্ডি।

কিং কোহলির ক্যারিয়ারে এত খারাপ সময় অন্তত গত অর্ধযুগেও আসেনি। টেস্টে সর্বশেষ পাঁচ ইনিংসে কোহলি করেছেন যথাক্রমে- ১, ১৭, ৪, ১, ৫ রান। ভারতের এই তারকা ব্যাটসম্যান টানা পাঁচ ইনিংসে ২০ রানের কমে আউট হয়েছেন ৭ বছরের বেশি সময় পর।

২০১৭ সালের ফেব্রুয়ারি–মার্চে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজ মিলিয়ে টানা ৫ ইনিংসে ২০ রানের কমে আউট হয়েছিলেন কোহলি। অবশ্য সেই পাঁচ ইনিংস পরই তিনি গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে রানখরা কাটিয়েছিলেন। এবার পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসেও কি তেমনটা দেখা যাবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত