ছেলেদের কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছনা ও মারধরের স্বীকার হয়ে অভিমানে বৃদ্ধ বাবা সুরেন গাইন (৮০) বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে। ছয়দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) নামে তার দুই ছেলে রয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত শনিবার বৃদ্ধ সুরেনর সঙ্গে তার দুই ছেলে খোকন ও প্রদীপের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবাকে মারধর করেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে সুরেন গাইন মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, ‘বৃদ্ধ সুরেন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকেন। এ নিয়ে প্রায়ই খোকন ও প্রদীপের সঙ্গে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। মাঝে মাঝে দুই ভাই তাদের মা-বাবাকে মারধর করতেন। সেই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।’
এ অভিযোগের বিষয়ে খোকন ও প্রদীপের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেননি।তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, ‘আমার শ্বশুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কী কারণে কীটনাশক পান করেন তা আমাদের জানা নেই।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
নিউ ইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় হিংসা-বিদ্বেষ বন্ধে বিল পাস
সেন্ট মার্টিনের কুকুরদের জন্য সহযোগিতা চাইছেন হিমি
শাক দিয়ে মাছ নয় ঢাকা ছিল গাঁজা