অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের নাম। এই মাঠে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। আর সেই হারগুলোও বিশাল ব্যবধানে! তার ওপর গত কয়েকটি সিরিজ ধরেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়মিত ধসে পড়ছে। এমতাবস্থায় সিরিজের প্রথম টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
অ্যান্টিগার পেস সহায়ক উইকেটে সর্বশেষ দুই সফরে বাংলাদেশের ব্যাটিং ছিল দুঃস্বপ্নের মতো। ২০১৮ সালে প্রথমবার এই মাঠে খেলতে নেমে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ৪৩ রানে, যা এখনও টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর। চার বছর পর আরেকটি সফরে এই মাঠে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১০৩ রানে।
এবার মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে এসেছে নিয়মিত অধিনাক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের চোট। নেই অল-রাউন্ডার সাকিব আল হাসানও, যার টেস্ট ক্যারিয়ার আদৌ শেষ কিনা- সেটা কেউ জানে না। তাই ক্যারিবিয়ান পেস আক্রমণের সামনে মেহেদি মিরাজের নেতৃত্বাধীন অনেকটাই অনভিজ্ঞ বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস
চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের
১০ বছর পর এমন বিব্রতকর অবস্থায় পড়লেন স্টিভেন স্মিথ