পরশুরামে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

ফেনীর পরশুরামে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শুক্রবার (২২ নভেম্বর) ভোরে পৌর এলাকার পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক থেকে একটি কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়।
 
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালামালগুলোর জব্দ তালিকা তৈরি করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অভিযান চালিয়ে শাড়ি, কাপড়, থ্রি-পিস ও ওড়না ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন  ১৯৩৬৮) আটক করে পরশুরাম মডেল থানায় নিয়ে আসে। অভিযানে পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক মুন্না দে। 

এ দিকে শুক্রবার রাতে  উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজসপুর থেকে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ক্যাপ্টেন কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত শাড়ি কাপড়ের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আটককৃত মালামাল পরশুরাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত