জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, নিহত ১

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

জর্ডানের ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) ভোরে রাজধানী আম্মানের অভিজাত এলাকা রাবিয়াহে এ ঘটনা ঘটে।

জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, রাজধানীর অভিজাত রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের ওপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালান। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্র বহনকারী ওই বন্দুকধারীকে অন্তত এক ঘণ্টা ধাওয়া করা হয় এবং ভোরে নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ দূতাবাসের কাছে ওই এলাকাটি ঘিরে রেখেছে। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার পর পরই পুলিশ ও অ্যাম্বুলেন্স রাবিয়াহ এলাকায় ছুটে যায়, যেখানে দূতাবাস অবস্থিত।

জর্ডানে ইসরায়েলবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রাবিয়াহ এলাকা। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে এ অঞ্চলে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ–সমাবেশ হয়েছে। তবে সেগুলো ছিল শান্তিপূর্ণ।

জর্ডানের ১ কোটি ২০ লাখ নাগরিকের বেশিরভাগই ফিলিস্তিনি বংশোদ্ভূত। মূলত, ১৯৪৮ সালে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে চলে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত