গেলবার আইপিএল শিরোপা জিতেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তাদের অধিনায়ক ছিল শ্রেয়াস আইয়ার। মেগা নিলামের আগে শ্রেয়াসকে ছেড়ে দেয় কলকাতা। নিলামের প্রথম দিনে শ্রেয়াস গেছেন পাঞ্জাব কিংসে। তবে এবার কলকাতার অধিনায়ক কে হবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
আইপিএলের মেগা নিলামে এবার বড় চমকের নাম ভেংকটেশ আইয়ার। তাকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এই অলরাউন্ডার নিজেও প্রতিক্রিয়া প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না।
গত আসরে ৪৬.২৫ গড় ও ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে ৩৭০ রান করে কলকাতার শিরোপা জয় বড় অবদান ছিল ভেংকটেশের। আইপিএল ক্যারিয়ারের চার মৌসুম ও ৫১ ম্যাচের পুরোটাই তিনি খেলেছেন কলকাতার হয়ে।
নিলাম থেকে বেশি দামে কলকাতায় যাওয়া নিয়ে ভেংকটেশ বলেন, 'সত্যি বলতে, ভাষা হারিয়ে ফেলেছি। তবে কেকেআর দলের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। কেকেআর কোচ (চান্দ্রাকান্ত পান্ডিত) আমার মধ্য প্রদেশ দলেও কোচ। তার সঙ্গে কথা বলছিলাম যে, কেকেআরে ফিরতে পারব কি না, এটা নিয়ে কতটা নার্ভাস আমি।'
তবে কি ভেংকটেশ হতে যাচ্ছেন কলকাতার অধিনায়ক? অধিনায়কত্ব নিয়ে ভেংকটেশ বলেন, 'দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। দলের সহ-আধিনায়কও ছিলাম। সবসময়ই বিশ্বাস করেছি, অধিনায়কত্ব স্রেফ একটি তকমা। নেতৃত্ব ব্যাপারটি হলো দলে এমন একটি আবহ তৈরি করা, যেখানে সবাই এটা অনুভ করবে যে, তারা দলের জন্যই খেলবে এবং অবদান রাখবে। আমাকে দায়িত্ব দেওয়া হলো, সেটি নিতে খুশির চেয়েও আরও বেশি কিছু হব।'
কুইন্টন ডি কককে মাত্র ৩ কোটি ২০ লাখ রুপিতে পাওয়া কলকাতার জন্য দারুণ ব্যাপারই ছিল। বিদেশি কাউকে অধিনায়ক করতে চাইলে ডি ককও থাকতে পারেন সেই তালিকায়। তাছাড়া কলকাতার ধরে রাখাদের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন। এই দুই ক্যারিবিয়ানের কোন একজনের কাধেও উঠতে পারে নেতৃত্বের ভার।
এছাড়া আজ নিলামের দ্বিতীয় দিনে আরও খেলোয়াড় দলে ভেড়াবে কলকাতা । সেখান থেকেও নির্বাচিত হতে পারেন অধিনায়ক। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার হয়ে আগেও খেলেছেন। কলকাতা তাকে আজ দলে ভিড়িয়ে অধিনায়ক বানিয়ে দিলেও অবাক হওয়ার বিষয় হবে না সেটি।
শেষ পর্যন্ত শাহরুখ খানের দলের অধিনায়ক কে হন সেটিই দেখার। তবে আপাতত এই দৌড়ে এগিয়ে রাখা যায় ২৩.৭৫ কোটির ভেংকটেশকেই।
আজ নিলামের দ্বিতীয় দিনে কার হাতে আছে কত রুপি
আমোরিমের অভিষেকের ম্যাচে এক পয়েন্ট পেল ম্যানইউ
৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড, ৬ ব্যাটার শূন্য