অপরাধীর পরিচয় অপরাধীই, দল-গোষ্ঠী নয়: হাসান আরিফ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

অপরাধীর পরিচয় শুধু অপরাধী, কোনো দল গোষ্ঠী হিসেবে তার পরিচয় নয় বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কার্যক্রম করে থাকে তাহলে সে ব্যক্তিটিই দায়ী হবে। তার ব্যক্তি পরিচয়, সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয় কোনো কিছুই সামনে আসবে না। তাই কাউকে কোনো সংগঠনের বলাটা আমরা পরিহার করি। একক অপরাধের জন্য কোনো সংগঠন, দল বা কোনো গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলা উচিত নয়।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, আইন অনুযায়ী সন্ত্রাসী কার্যক্রমের জন্য যে সাজা হওয়া দরকার সেটা রাষ্ট্রদ্রোহিতায় হোক বা আলিফের হত্যাকাণ্ডের উস্কানির জন্য হোক, অপরাধের জন্য প্রত্যেককে শাস্তি পেতে হবে।

তিনি বলেন, গত দুই মাসের মধ্যে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে গেছে, ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ের অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ। সেই ব্যক্তি দোষী হবেন, কোনো সংগঠন নয়। ওই ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় আসবে না, তখন শুধু তার পরিচয় হবে শুধু অপরাধী।

তিনি আরো বলেন, স্বৈরাচারী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্রলীগের কর্মী হিসেবে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। যেহেতু তাদের এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি সেজন্য তারা এসব করার সুযোগ পাচ্ছে। এখনই সময় এসেছে যারা নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) সদস্য ছিলেন তাদের আইনের আওতায় আনার। তাদের এই মুহূর্তে বাইরে রাখলে আমাদের আশঙ্কা তারা এ ধরনের কর্মকাণ্ড করে যাবে। এজন্য আমরা সতর্ক থাকি। পারস্পরিক সৌহার্দ্য যেটা আজীবন ছিল আগামীতেও থাকবে। সেটা বজায় রাখি এবং সকলে মিলে আমরা একটি সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক ফরিদা খানম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, খান তালাত মাহমুদ রাফি, মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত