মুগদায় কচুরিপানার নিচে লুকানো ছিল কিশোরের লাশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

রাজধানীর মুগদায় লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মরদেহটির ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল রাত সাড় ১০টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া।

এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল বুধবার রাতে স্থানীয় এক লোক মুগদা গ্রিন মডেল টাউন ব্লক-ই, রোড-২, ২৩ ও ২৪ নম্বর প্লটের মাঝামাঝি লেক পার থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহটি লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। দেহটি অনেকটাই পঁচে ফুলে গেছে এবং পোকা ধরে গেছে। তবে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। এজন্য ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাকে হত্যার পর কচুরিপানা নিচে লাশ লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল। তার পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় সনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত