মাদারীপুরের ডাসার উপজেলার ডাইয়ার বিল থেকে নিখোঁজের পরদিন ঠাকুর দাস (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টম্বর) সকালে স্থানীয়রা বিলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী ছিলেন এবং দিনমজুরির কাজ করে পরিবার চালাতেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি স্বাভাবিকভাবেই কাজের খোঁজে বাড়ি থেকে বের হন। এরপর ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। কিন্তু দিন শেষে তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
আজ সকালে বিলে তার লাশ ভাসতে দেখে ডাসার থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, সংবাদ পাওয়া মাত্রই বিল থেকে নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভালুকায় নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার