আর দুই দিন পরই আইসিসির সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ। এর আগেই শুক্রবার আইসিসির সভায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। সেই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জয় শাহ উপস্থিত থাকবেন। তাই দায়িত্ব গ্রহণের আগেই জয় শাহকে অনুরোধ জানিয়ে রাখলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক কারণে ভারত সেখানে দল পাঠাতে রাজি নয়। তারা হাইব্রিড মডেলে এই আসর আয়োজনের কথা বলছে। এতে ভারতের ম্যাচগুলো দুবাই বা অন্য কোনো দেশে হবে। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসির ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তান স্বাভাবিকভাবেই এটা মানতে পারছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ করছে পাকিস্তান। এসব ক্ষেত্রে তারা বিপুল বিনিয়োগ করেছে। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের ভেন্যু বদলে গেলে তাদের আর্থিক ক্ষতি হবে। সেটা যাতে না হয়, তাই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জয় শাহকে অনুরোধ করেছেন, তিনি যেন বিশ্ব ক্রিকেটের কথা ভাবেন।
নাকভির ভাষায়, ‘আগামী ডিসেম্বরে আসিসিসির দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। আমি নিশ্চিত, বিসিসিআই থেকে আইসিসিতে যাওয়ার পর তিনি আইসিসির উন্নতি নিয়েই ভাববেন। তার সেটাই করা উচিত। যখন কেউ কোনো সংগঠনের দায়িত্ব নেন, তখন তার উচিত সেই সংগঠনের উন্নতিের কথা ভাবা। আমার অনুরোধ, উনি নতুন দায়িত্ব নিয়ে বিশ্ব ক্রিকেটের কথা ভাবুন।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতিও দিয়েছেন নাকভি, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে পাকিস্তানেই হয় তার আপ্রাণ চেষ্টা করব। আইসিসির চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে আমরা গেছি। তাহলে ভারতের সমস্যা কীসের? তাদের এই দাবি মেনে নেওয়া যায় না। পাশাপাশি লিখিতভাবেও তারা আমাদের কিছু জানায়নি।’
যে কীর্তি সাকিব ছাড়া কারও ছিল না, সেটিই করে দেখালেন বশির
ছয় বছর পর নড়বড়ে নব্বইয়ে আটকে গেলেন উইলিয়ামসন
জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ম্যান সিটির সাবেক স্ট্রাইকার
‘বাজপাখি’ মার্তিনেজের অবিশ্বাস্য সেভ