চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ আজ!

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩২ এএম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসরটার ভাগ্যটাই এমন। নেই কোনো সুনির্দিষ্ট ছক বা কাঠামো, আয়োজিতও হয় অনিয়মিতভাবে। এবারের আসর পাকিস্তানে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। গোঁ ধরে বসেছে ভারত, কোনোভাবেই খেলতে যাবে না তারা পাকিস্তানের মাটিতে। এই নিয়ে টানাপড়েনে ঝুলে আছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। আজ আইসিসির বোর্ড একটি ভার্চুয়াল সভায় বসবে, যেখানে চূড়ান্ত হবে আট দলের এই আসরের পরিণতি।

১৯৯৮ সালে ঢাকায় মিনি বিশ্বকাপ বা আইসিসি নকআউট ট্রফি নামে শুরু হয় এই আসরের যাত্রা। দুই বছর পরপর ২০০৬ সাল পর্যন্ত প্রথম পাঁচটি আসর নিয়মিতই হয়েছে ওয়ানডে টুর্নামেন্টটি। এরপর এক বছর বিরতি বাড়ল, ২০০৮ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে পরের বছর আসরটি আয়োজন করা হয় দক্ষিণ আফ্রিকায়। দুটো আসরের মাঝের বিরতি এরপরের আসর থেকে বাড়িয়ে করা হয় চার বছর, তাই পরের দুটো আসর হলো ২০১৩ এবং ২০১৭ সালে। এরপর এই আসরটি স্থগিত করে দেওয়ার চিন্তাভাবনা করা হয়, তাই ২০২১ সালে এই আসরটি মাঠে গড়ায়নি। ২০২৫ সালে আবারও মাঠে গড়ানোর কথা, কিন্তু ঘুরে ফিরে সেই প্যাঁচ, যা ২০০৮ সালে লেগেছিল এখনো তাই। পাকিস্তান আয়োজক এবং সেখানে যাবে না ভারত।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলাপ পৌঁছে গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও। ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘এ বিষয়ে ভারত-পাকিস্তানই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কথা বলুক। আমরা এর মধ্যে প্রবেশ না করি।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়ে দিয়েছেন, কোনো ‘হাইব্রিড মডেল’ গ্রহণযোগ্য হবে না। ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তাদের যেতে হয়েছিল শ্রীলঙ্কায়। তেমনি ভারত তাদের সবগুলো ম্যাচই খেলেছিল শ্রীলঙ্কায়। এবার সে রকম কিছুতে রাজি হবে না পিসিবি, জানিয়েছেন নাকভি, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আমি পাকিস্তানের ক্রিকেটের জন্য সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমি সবসময় সংযুক্ত আছি, আমার দলে লোকেরা কাজ করছে। যাই হবে, সমতার ভিত্তিতে হবে। আমরা ভারতে খেলতে যাব আর তারা এখানে খেলতে আসবে না এমনটা হতে পারে না।’

পাকিস্তান হাইব্রিড মডেল মেনে না নিলে আইসিসির সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন ভেন্যু নির্বাচন হতে পারে, এমনকি পিছিয়েও যেতে পারে এই আসর। চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে বাংলাদেশের অবস্থান জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিল দেশ রূপান্তর। ফারুক বলেছেন, ‘কালকে (আজ) সভার পর বলতে পারব এই ব্যাপারে, তার আগে কিছু বলতে পারছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত