কোহলির ভক্ত অস্ট্রেলিয়ার মন্ত্রী ছুটে এলেন ছবি তুলতে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

তারকা ক্রিকেটারদের কাছে পেলে দর্শক-সমর্থক থেকে শুরু করে সবাই কমবেশি অটোগ্রাফ কিংবা ছবির জন্য আবদার জানায়। তাই বলে অস্ট্রেলিয়ার মন্ত্রী? এমন ঘটনাই ঘটেছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের মাঝপথে। বিরাট কোহলির সঙ্গে ছবি তোলার জন্য ছুটে এসেছেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস। যদিও প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে ভারত।

গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ সে দেশের সংসদ ভবনে ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্থ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো কোহলিকে সামনে পেয়ে ছুটে আসেন ওয়াটস। ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। কোহলিও হাসিমুখে ছবি তোলেন ওয়াটসের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ওয়াটস।

বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের সেলফি। ক্যাপশনে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত। সংসদ ভবনে প্রধানমন্ত্রী ভারতীয় দলকে এবং প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। কোহলিকে কাছে পেয়ে বলেছি, আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থক এবং তার ভক্ত। কোহলির সঙ্গে ছবি তোলার সেরা সুযোগটা নষ্ট করিনি। আমি কোহলির গুণমুগ্ধ। যেকোনো আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়ে কোহলির খেলা দেখতে অনেক বেশি পছন্দ করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেললেও কোহলির খেলা দেখি। কারণ সে অজিদের মতোই খেলে। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই নয়, সে সবসময় এভাবেই খেলে।’

পার্‌থে প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে ভারতীয় দল। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। এর আগে আগামীকাল ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত