মহারাষ্ট্রে বাস উল্টে ১০ জনের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

ভারতের মহারাষ্ট্রে বাস উল্টে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শুক্রবার সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাওয়ার পথে গোন্দিয়া জেলায় বিন্দ্রবন টোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, গোন্দিয়া-আরজুনি সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়রা দুর্ঘটনাস্থলে জড়ো হন। থানায় খবর দেওয়া হয়। ক্রেন দিয়ে বাসটি সোজা করার চেষ্টা করা হয়। তার মাঝেই বাসে আটকে থাকা যাত্রীদের টেনে বের করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আটজনের। আহতদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। 

মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। 

এদিকে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি এক্সে জানিয়েছেন, প্রয়োজন পড়লে আহতদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হোক। কারও অবস্থার অবনতি হলে তাকে নাগপুরের হাসপাতালে স্থানান্তরিত করার জন্য গোন্দিয়ার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত