ওয়াশরুমে লুকিয়ে বিমান ভ্রমণ নারীর, অতঃপর...

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

ওয়াশরুমে লুকিয়ে নিউইয়র্ক থেকে প্যারিসগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভ্রমণ করার অভিযোগ উঠেছে এক নারীর বিরদ্ধে। টিকিট ছাড়া ভ্রমণের সময় ওই নারীকে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের চার্লস দে গোল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে এক নারী যাত্রীর সন্দেহজনক আচরণ চোখে পড়ে ক্রুদের। ওই যাত্রী এক ওয়াশরুম থেকে অন্য ওয়াশরুমে যাচ্ছিলেন। প্যারিসে পৌঁছানোর পর তাকে আটক করা হয়।

ওই নারী জেএফকে বিমানবন্দরের উন্নত ইমেজিং প্রযুক্তি এবং সিকিউরিটি চেকের সময় ডকুমেন্ট যাচাই এড়িয়ে ফ্লাইটে ওঠেন। ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, তাদের কাছে নিরাপত্তা ও সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই ডেল্টা এই ঘটনার তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে।

রব জ্যাকসন নামের এক যাত্রী নিউইয়র্ক টাইমসকে জানান, ফ্লাইট অ্যাটেনড্যান্টদের ইন্টারকম বারবার বাজছিল, যা স্বাভাবিক না। বিমানের অবতরণের পর ক্যাপ্টেন যাত্রীদের সিটে বসে থাকতে বলেন। এরপর ৬-৭ জন পুলিশ কর্মকর্তা ফ্লাইটটিতে ওঠেন। পরে তিনি শোনেন, একজন নারী উড়োজাহাজোর এক ওয়াশরুম থেকে অন্য ওয়াশরুমে যাচ্ছিলেন।

এদিকে আটক ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কেন তিনি টিকিট ছাড়া এভাবে লুকিয়ে যাত্রা করেন তাও জানা যায়নি। তবে তার কাছে কোনো নিষিদ্ধ কিছু ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত