বিদ্রোহীদের দখলে সিরিয়ার আলেপ্পোর অর্ধেক, বন্ধ রাস্তা-বিমানবন্দর

  • শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে 
  • আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক এলাকা দখলে নিয়ে নিয়েছে দেশটির বিদ্রোহী বাহিনীগুলো। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসছে।

এসওএইচআরের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিদ্রোহীদের এই পদক্ষেপ গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৬ সালে সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা এই প্রথমবার আলেপ্পো দখলে নিলো।

যদিও সিরিয়ার সরকারি বাহিনীর দাবি, বুধবার বিদ্রোহীরা দখলের পর পুনরায় আলেপ্পো এবং ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে তারা।

এসওএইচআর জানিয়েছে, আলেপ্পো শহরের অর্ধেকই এখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর মিত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। কোনো ধরনের লড়াই ছাড়াই এলাকাগুলো দখলে নেয়া হয়েছে এবং সরকারি বাহিনী পিছু হটেছে।

পরবর্তীতে হায়াত তাহরির আল-শাম অধিভুক্ত চ্যানেলে আলেপ্পো শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহী যোদ্ধাদের ঘুরে বেড়ানোর ভিডিও পোস্ট করা হয়। বিবিসি জানিয়েছে, ওই ভিডিওর এলাকাটি আলেপ্পোর পশ্চিম উপশহরে অবস্থিত।

বিবিসি দ্বারা যাচাই করা আরেকটি ভিডিওতে দেখা গেছে যে, আলেপ্পো ইউনিভার্সিটির কাছাকাছি একটি এলাকা থেকে মানুষের একটি বড় দল ব্যাগ-লাগেজ বহন করছে।

শুক্রবার ওই চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, "আমাদের বাহিনী আলেপ্পো শহরে প্রবেশ করতে শুরু করেছে।"

অন্যদিকে সিরিয়ার সামরিক এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আলেপ্পো বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সিরিয়া সরকারের অন্যতম মিত্র রাশিয়া বিদ্রোহীদের দমন করতে দামেস্ককে অতিরিক্ত সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দুটি সামরিক সূত্র জানিয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে নতুন অস্ত্র আসতে শুরু করবে। অন্যদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী এবং রাশিয়ার বিমান গতকাল শুক্রবার আলেপ্পো অঞ্চলে ২৩টি বিমান হামলা চালিয়েছে।

এদিকে সিরিয়া সংকটের বিষয়ে জাতিসংঘের উপ-আঞ্চলিক মানবিক সমন্বয়কারী ডেভিড কার্ডেন বলেন, "উত্তর-পশ্চিম সিরিয়ার পরিস্থিতির কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"

উক্ত এলাকাতে গত তিনদিন ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৭ জন বেসামরিক নাগরিকের প্রাণ গেছে, যার মধ্যে ৮ বছরের কম বয়সী শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার আলেপ্পোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রাবাসে বিদ্রোহীদের গোলাবর্ষণে দুই শিক্ষার্থীসহ চার বেসামরিক লোক নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত