ভারতের সম্ভাবনাময় ক্রিকেটার পৃথ্বী শ আইপিএলে দল না পাওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পৃথ্বী নিজেও সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন। গত সাত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন পৃথ্বী। এবার তাকে ধরে রাখেনি দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল মনে করেন, এই ধাক্কায় পৃথ্বীর ক্যারিয়ার হয়তো সঠিকপথে ফিরে আসবে।
পৃথ্বীর নেতৃত্বে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে সাড়া ফেলেছিলেন। কিন্তু নানা কারণে ক্রমশই ক্রিকেট থেকে হারিয়ে যেতে থাকেন মুম্বাইয়ের ২৫ বছরের ব্যাটার। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ এবং ফিটনেসের ঘাটতির অভিযোগ আছে।
আইপিএল নিলামে পৃথ্বীকে না কেনার বিষয়ে পার্থ জিন্দাল বলেছেন, ‘জুনিয়র পর্যাযে পৃথ্বী খুব ভালো ক্রিকেটার ছিল। কিন্তু পরে সে নিজেকে ভুল পথে চালিত করেছে। আমার মনে হয়, আমাদের ঠিকভাবে বেড়ে ওঠার জন্য একটা ঝাঁকুনি বা ধাক্কার দরকার হয়। সেই ঝাঁকুনি বা ধাক্কাটা আমাদের ঘুম ভাঙায়। কারও কারও কিছুটা বড় হওয়ার পরও ঝাঁকুনি প্রয়োজন। কেউ যখন ছোট থেকে বার বার শুনতে থাকে, সে বিশেষ এক জন খেলোয়াড়, সেই সেরা প্রতিভা, তখন কিছু সমস্যা তৈরি হয়।’
জিন্দাল হতাশার সঙ্গে আরও বলেছেন, ‘কেউ তাকে ব্রায়ান লারার সঙ্গে তুলনা করত। কেউ তুলনা করত শচীনের সঙ্গে। তাকে ভবিষ্যতের সেরা ব্যাটার হিসাবে চিহ্নিত করা হতো। এমন একটা পরিবেশে বেড়ে উঠেছে পৃথ্বী। মুম্বাইয়ের সবাই তাকে নিয়ে ভীষণ আশাবাদী ছিল। এই বিষয়গুলোই সমস্যা তৈরি করেছে। আমার মনে হয় পৃথ্বীর এই ধাক্কাটা দরকার ছিল। গত বছর পর্যন্ত আইপিএলসহ সব ধরনের ক্রিকেট খেলেছে। আইপিএল খেলার শুরু থেকেই পৃথ্বী দিল্লিতে ছিল। কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি।’
জিন্দাল অবশ্য মনে করেন না পৃথ্বীর ক্রিকেটজীবন শেষ। বরং এখনও তিনি মুম্বাইয়ের ব্যাটারকে নিয়ে আশাবাদী, ‘পৃথ্বীকে কঠোর পরিশ্রম করতে হবে। ক্রিকেটকে আবার ভালোবাসতে হবে। নেট থেকে নতুন করে শুরু করতে হবে। ফিটনেসের উন্নতি ঘটাতে হবে। সবচেয়ে বড় কথা, তাকে বুঝতে হবে সে কী কী ভুল করেছে। আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে পৃথ্বীকে। আশা করব সে দ্রুত প্রাথমিক বিষয়গুলোর প্রতি যত্নশীল হবে। আবার আগের মতো খেলবে। যে কারণে পৃথ্বীর পরিচিতি, সেভাবেই তাকে আমরা ফিরে পাব।’
ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেওয়ায় এক বছর নিষিদ্ধ
দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার গ্রেপ্তার
জোড়া গোল করে ৯১৫-তে পৌঁছে গেলেন রোনালদো
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে দুঃসংবাদ