বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ এএম

শিল্পাঞ্চল আশুলিয়ায় বাৎসরিক ছুটির পাওনা টাকা ও ৭ কর্মকর্তার অপসারণ দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার আশুলিয়ার শ্রীপুর এলাকার শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করে।

এতে মহাসড়কের উভয়পাশের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশ্বাসে মহাসড়ক ছাড়ে শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বাৎসরিক ছুটির পাওনা টাকা ও সাতজন কর্মকর্তার অপসারণ চেয়ে দুই মাস ধরে দাবি জানিয়ে আসছে তারা। কিন্তু কর্তৃপক্ষ এসব দাবি না মেনে তালবাহানা করতে থাকে। পরে গত বৃহস্পতিবার দুপুরে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে দুই কর্মকর্তাকে অপসারণ কর্তৃপক্ষ। দাবিকৃত টাকার মধ্য থেকে নামমাত্র কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া শুরু করেন। বাকি টাকা শনিবার দেবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

শিন শিন কারখানার সুইং অপারেটর আলেয়া আক্তার, শহিদুল ও শাপলা বেগম জানায়, কারখানাটিতে প্রায় ১৩শ শ্রমিক কাজ করে। তাদের কারও ৫ বছর, কারও ৭ বছর আবার কারও আরও অনেক বেশি দিনের ছুটির টাকা পাওনা বকেয়া রয়েছে। এসব পাওনা পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন তারা।

গতকাল সকালে কারখানায় এসে শ্রমিকরা প্রধান ফটকে বন্ধের নোটিস দেখতে পেয়ে বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও মালিক পক্ষ তাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

জানতে চাইলে শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার এইচ আর অ্যাডমিন মো. জামাল জানান, শ্রমিকদের সব পাওনাদি আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হচ্ছে। তবে এখন ঝামেলা নেই, সব ঝামেলা মিটে গেছে। তবে কারখানাটিতে ছুটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে ফোনটি কেটে দেন এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত