জামালপুরের ইসলামপুরে আব্দুল হাই (৬৫) নামে এক সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে সাপধরী ইউনিয়নের প্রজাপতি চরের যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার হয়। এই বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন আব্দুল হাই। পরদিন দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেলেরা তার লাশ যমুনা নদীতে ভাসতে দেখেন।
নিহত আব্দুল হাইয়ের বাড়ি ইসলামপুরের শশারিয়াবাড়ী এলাকায়। তিনি পাথর্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) এবং ওই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আব্দুল হাই সন্ধ্যায় বাড়ি থেকে মলমগঞ্জ বাজারে যান। পরে বাজার থেকেই তিনি নিখোঁজ হন। রাতে খোঁজাখুঁজি করা হলে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে গতকাল দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে যমুনা নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, আব্দুল হাইকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে যমুনা নদীতে লাশ ভাসিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। গলায় গামছা পেঁচানো ছিল। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ্ বলেন, যমুনা নদী থেকে আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
