টেস্টে সবচেয়ে বেশি শূন্য মুমিনুলের

সেপ্টেম্বরে ভারত সিরিজ থেকে গতকাল পর্যন্ত ১১ ইনিংসের মধ্যে ৪ বার শূন্য হাতে ফিরেছেন মুমিনুল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি মুমিনুল হকের (১৩টি)। এবার অন্য আরেক তালিকায় নিজের নামটা সবার ওপরে নিলেন মুমিনুল হক। অবশ্য এই তালিকায় উপরে উঠতে চাইবে না কোন ব্যাটসম্যানই।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এখন মুমিনুলের। জ্যামাইকা টেস্টের প্রথম দিনে গতকাল শূন্য রানে ফিরেছেন এই বাঁহাতি। যা টেস্টে মুমিনুলের ১৭তম শূন্য।

তাতে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডে মুমিনুল ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে। সাবেক অধিনায়ক আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন। আর মুমিনুল জ্যামাইকায় খেলছেন ৬৯তম টেস্ট।

সেপ্টেম্বরে ভারত সিরিজ থেকে গতকাল পর্যন্ত ১১ ইনিংসের মধ্যে ৪ বার শূন্য হাতে ফিরেছেন মুমিনুল।

টেস্টে অনাকাঙ্খিত রেকর্ডটি মুমিনুলের। প্রশ্ন জাগতে পারে অন্য দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য কার।

ওয়ানডেতে ১৯ বার শূন্য রানে ফিরে তামিম ইকবাল আছেন সবার ওপরে। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৩৬ বার শূন্য রানে আউট হয়েছে তামিম।

 আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব দেশ মিলিয়েই শূন্য রানে আউটে এগিয়ে সৌম্য। রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও সৌম্য যৌথভাবে সর্বোচ্চ ১৩ বার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।

সব দেশ মিলিয়ে টেস্টে সর্বোচ্চ ৪৩ বার শূন্যতে আউট হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি বোলার কোর্টনি ওয়ালশ। ওয়ানডে ক্রিকেটে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন জয়াসুরিয়া, এখানে তিনিই সর্বোচ্চ।

আর তিন ফরম্যাট মিলিয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের (৫৯ বার)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত