বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ রবিবার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে তিনি হাসপাতালে যান।
এ সময় আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন।
তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকলের বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন।
আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এ সকল দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাসমূহের দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ।
পরিদর্শনকালে নিটোরর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৮ বছর পর আলেপ্পো ছাড়তে বাধ্য হলো সিরিয়ার সরকারি বাহিনী