আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৩

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পিএম

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে একাধিক মামলার চার আসামিকে ধরতে গিয়ে কোতয়ালী থানা পুলিশের এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাটি কানাইপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটি কানাইপুর এলাকার চার সহোদর কামরুল, জসিম, আনো ও বাদশার নামে কোতয়ালী থানায় সন্ত্রাসী, মাদকসহ একাধিক মামলা ছিল। গত ২৩ অক্টোবর এ চার সহোদরের বিরুদ্ধে মারপিটের আরো একটি মামলা করেন ভাটি কানাইপুরের আনোয়ারা বেগম। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান সিকদার রবিবার বিকেলে আসামিদের ধরতে ফোর্স নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়।

এ সময় একাধিক মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়। কামরুলকে গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী আনো, জসিম, বাদশাসহ বেশকিছু সন্ত্রাসী পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। পরে সন্ত্রাসীরা পুলিশের ওপর লোহার পাইপ, ছুরি, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পুলিশের তিন সদস্যকে বেদমভাবে মারপিট করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় আহত হন কোতয়ালী থানার এসআই হাসান সিকদার, কনস্টেবল সাগর চন্দ্র সরকার ও মো. মাহমুদুল হাসান। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ফিরে আসেন। পরে আহতরা ফরিদপুর সদর হাসপাতালে এসে চিকিৎসা নেন। 

হামলার শিকার এসআই হাসান সিকদার বলেন, বেশ কয়েকটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায় এবং আসামি কামরুলকে ছিনিয়ে নেয়। তারা আমাকেসহ দুই কনস্টেবলকে আহত করেছে। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত