পান্তের অভিনয়ের মূল্য ২৭ কোটি রুপি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে রিশাভ পান্তের প্রতি লখনৌ সুপার জায়ান্টসের আকর্ষণের গল্প বেশ চমকপ্রদ। এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ করেছেন, কীভাবে পান্তের বুদ্ধিদীপ্ত এবং অভিনয় কৌশল তাকে নিলামে ভারতের উইকেটরক্ষক ব্যাটারকে কিনতে অনুপ্রাণিত করেছিল।

নিলামে পান্তকে আইপিএলের সর্বোচ্চ দাম ২৭ কোটি রুপিতে কিনে নেয় এলএসজি। পান্তকে দলে পেতে তিনটি দল আগ্রহ দেখায়, আর দিল্লি ক্যাপিটালস তাদের রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করেও শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে ব্যর্থ হয়। 

ইচ্ছে করে সময় ক্ষেপণ করেন রিশাভ পান্ত

সঞ্জীব গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৪ টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে একটি মুহূর্ত তাকে মুগ্ধ করেছিল। তখন দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩০ বলে ৩০ রান। পান্ত তখন তার প্যাড খুলে ফিজিওকে ডেকে সময় নেন, যা প্রতিপক্ষের ছন্দ ভেঙে দেয়। এর ফলে ভারত মাত্র ৭ রানে ম্যাচ জিতে নেয়। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'রিশাভের মাঠের অভিনয় কৌশল এবং খেলার গতি বদলে দেওয়ার ক্ষমতা আমাকে মুগ্ধ করেছিল। যখন ম্যাচে কোনও কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন যাতে সেটা বদলানো যায়,  তা নিয়ে চিন্তাভাবনা দরকার। রিশাভের আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। সেটা হল, ও মারাত্মক ইনজুরি থেকে ফিরে এসেছে। আবার ফর্মে ফিরেছে। ওঁর বর্তমান ফর্ম, আগের ফর্মের চেয়েও ভালো। ওঁর লড়াই করার ক্ষমতা আছে। ঋষভের বর্তমান বয়স ২৭। আশা করি, পন্থ আগামী ১০-১২ বছর এলএসজিতে থাকবে।'

কেএল রাহুলের বিদায়ের পর এলএসজির অধিনায়কত্বের দৌড়ে পান্ত সবচেয়ে এগিয়ে থাকলেও, নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং এইডেন মার্করামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আছেন। এ নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখেছেন গোয়েঙ্কা, ‘মানুষ চমক চায়। তবে আমি চমক দিতে ভালোবাসি না। অধিনায়ক ঠিক হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সেটা ঘোষণা করে দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত