কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঝমাঠ থেকে ক্রিকেটের উইকেট তোলা হয়েছে আজ সোমবার। তার আগ পর্যন্ত এখানে নিয়মিত হয়েছে নানা ক্রিকেট টুর্নামেন্ট। অথচ এই মাঠেই আগামীকাল হবে ফেডারেশন কাপের ম্যাচ। শুধু ফেডারেশন কাপ নয় চলতি মৌসুমে এই মাঠে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও।
আগামীকাল মঙ্গলবার ফেড কাপের ম্যাচে খেলবে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। অথচ বাফুফের কর্তারাই স্বীকার করছেন এমন মাঠ শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য একেবারেই অনুপযোগী। তারপরও কেন তারা এই মাঠেই আয়োজন করতে যাচ্ছে এই ম্যাচ?
জানতে গিয়েই বের হয়ে এলো একটি দলের গোয়ার্তুমির ঘটনা। বাফুফে চেয়েছিল এই সপ্তাহে ফেড কাপের ম্যাচটি পূর্ব নির্ধারিত অন্য কোন মাঠে সরিয়ে নিতে। তবে ব্রাদার্সের সাফ কথা- এখানেই হতে হবে ম্যাচ! অগত্যা চোটের সর্বোচ্চ ঝুকি মেনেই হবে ম্যাচ।
কুমিল্লার সংবাদমাধ্যমগুলো ১ ডিসেম্বর এখানে খেলেছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট! এর দু'দিন আগে এই উইকেটেই হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ।
ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে না পারা প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির প্রধান ইমরুল হাসান কথা বলেছেন, যিনি আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি, 'ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটা বসুন্ধরা কিংসের না হলে আমি নিশ্চিতভাবে ভেন্যু পরিবর্তন করতাম। আমরা চেয়েছিলাম এই ম্যাচটা ময়মনসিংহে নিয়ে যেতে। সেক্ষেত্রে ময়মনসিংহের ম্যাচটা আমরা বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন করতে চেয়েছিলাম। যাতে বিতর্ক না হয়, তাই বসুন্ধরা কিংসের ম্যাচ আমরা তাদের ভেন্যুতে আয়োজন করতে চাইনি। তিনটি দল এতে সম্মতি দিলেও ব্রাদার্স রাজী হয়নি। তাই বাধ্য হয়ে কুমিল্লাতেই ম্যাচটা আয়োজন করতে হচ্ছে।'
বাফুফের দায় মানতে রাজী নন ইমরুল। তার যুক্তি, এই মাঠগুলো ইতিমধ্যে লিগের দশ দল নিজ নিজ ভেন্যু হিসেবে নিয়েছে। মাঠের দেখভাল করার দায়িত্বও এখন ক্লাবগুলোর।
এদিকে আজ সোমবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন করেছেন কুমিল্লা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ স্বপন, সাবেক ফুটবলার মোঃ শাখাওয়াত হোসেন টিপুসহ অনেকে।
পান্তের অভিনয়ের মূল্য ২৭ কোটি রুপি
আবারও নিলামে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন
পিংকী-সুপ্তার ব্যাটে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ