ঝিনাইদহ

আ. লীগের দুই নেতা ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে ওরফে গ্যাস বাবুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন। পরে সকালে তাদের ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়েছে।

২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়।

অপরদিকে ২০১৫ সালের ২৯ জুন জেলা শহরের গুলশান পাড়া এলাকায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।

সিআইডির পক্ষ থেকে আদালতে সালাম হত্যা মামলায় ৭দিন ও তরিকুল হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে তাদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় (কোলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত