চট্টগ্রামের বিমান করাচিতে অবতরণ, যা জানালেন কর্মকর্তা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে চট্টগ্রাম আসার পথে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে ফ্লাইটের দুই যাত্রীকে নামানো হয়। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফিরে আসে।

বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

এ দিকে নির্ধারিত সময়ে ফ্লাইটটি না আসায় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে ফ্লাইট ফিরে আসলে তাদের স্বস্তি ফিরে আসে।  

জনসংযোগ কর্মকর্তা জানান, বিজি ১৩৬ জেদ্দা থেকে উড্ডয়নের পর ফ্লাইটে ফারজানা নামের এক নারী যাত্রী অসুস্থ হওয়ায় পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে। করাচি বিমানবন্দরে শিশুসহ ওই নারীযাত্রীকে নামিয়ে দিয়ে পুনরায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বেলা একটায় ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে।  

তিনি আরও জানান, ওই দুই যাত্রীর গন্তব্য ছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত