বলিউড অভিনেতা সালমান খানের সিনেমার শুটিং সেটে জোর করে ঢোকার অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। সেই ব্যক্তিকে প্রবেশে বাধা দেওয়া হলে, তখন সে নিরাপত্তারক্ষীদের হুমকি দিয়ে বলে, বিষ্ণোই কে ডাকব নাকি?
শর্মা নামের ওই ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা , মাহিমের শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন শর্মা। পুলিশ জানায়, একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কী হতে পারে, সে হয়তো তা ভাবেওনি।
পুলিশ জানায়, বিষ্ণোই গ্যাংয়ের নাম নিয়ে হুমকি দেওয়ায় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গত এপ্রিলে একটি মোটরসাইকেলে করে আসা বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালায়। পরবর্তীতে ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল।
বিগত কয়েক বছরে ধরে হুমকি দেওয়া হচ্ছে সালমান খানকে। সিধু মুসেওয়ালাকে হত্যার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে তাকে। এর সঙ্গে জড়িয়ে আছে ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে হাম সাথ সাথ হ্যায়-এর সেটে যোধপুরে কৃষ্ণসার হরিণে শিকারের ঘটনা। যদিও অভিনেতা প্রথম থেকে তা অস্বীকার করে এসেছেন। কিন্তু সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। আর এই কৃষ্ণসার হরিণকেই পবিত্র মনে করে বিষ্ণোই সম্প্রদায়।
