রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকোর্টের ২২ বিচারক। যারা গত ৮ অক্টোবর অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে যান বিচারকরা। হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে এটিই তাদের প্রথম সৌজন্য সাক্ষাৎ। এ সময় রাষ্ট্রপতি বিচারকগণের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাওয়া বিচারকেরা হলেন, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের এই বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
রাষ্ট্রপতি বিচারপতিগণকে বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং বিচারপতিগণ তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। সাক্ষাতকালে বিচারপতিগণ ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সচেতন আছেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।
