হাতিয়ায় চরে আটকা পড়ল বিশাল তিমি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঁঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়। এর আগে একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি আটকে পড়ে। পরে বিশাল তিমি ভেসে আসার খবরে সেখানে ভিড় জমান সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাতে জোয়ারের পানিতে তিমিটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদাপানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমি মাছটি আটকে আছে। খবর পেয়ে কোস্ট গার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসে। পরে জেলেদের সহযোগিতায় তারা মাছটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি ফেল তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বলেন, তিমিটি জীবিত অবস্থায় ছিল। তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত