ব্রাজিল-পর্তুগালের ক্লাবের বিপক্ষে খেলবেন মেসি, মুখোমুখি ভিনিসিয়ুস–নেইমার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পিএম

ক্লাব ফুটবলে কত মজার ঘটনাই না ঘটে। জাতীয় দলের সতীর্থ নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়রকেও মুখোমুখি লড়াই করতে হয়। ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ের পর এমন দৃশ্যই দেখা যাচ্ছে। অন্যদিকে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের একটি ক্লাবের বিপক্ষেও খেলবেন মেসি।

গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ ‘এ’তে মেসির মায়ামি সহজ প্রতিপক্ষই পেয়েছে। গ্রুপের অন্য তিন দল হলো- ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। প্রতিযোগিতায় মায়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। এমএলএস সাপোর্টাস শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়।

 

এছাড়া ‘এইচ’ গ্রুপও বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। এই গ্রুপে আছে ভিনিসিয়ুস জুনিয়রের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং নেইমারের সৌদি ক্লাব আল হিলাল। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন ব্রাজিল ফুটবলের দুই তারকা। এই গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ। এছাড়া ম্যান সিটি-জুভেন্টাস, পিএসজি-আতলেতিকো মাদ্রিদ ম্যাচগুলোতেও নজর থাকবে।

আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে আছে চারটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। এটিকে ২০২৬ বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবেও দেখা হচ্ছে। কারণ, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

এক নজরে ক্লাব বিশ্বকাপের গ্রুপ:

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।

গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।

গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।

গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত