অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে মিচেল স্টার্কের রেকর্ড

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

৩৬ রানে অল-আউট হওয়ার দুঃসহ স্মৃতিবিজরিত মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে প্রথম বলেই ধাক্কা দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই গতি তারকার শিকার হয়েছেন ইনফর্ম ওপেনার যশস্বী জয়সোয়াল। এরই সঙ্গে স্টার্কের নাম উঠে গেছে রেকর্ড বইয়ে।

স্টার্কের ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলটি খেলতেই পারেননি পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করা জয়সোয়াল। এলবিডাব্লিউয়ের জোরালো আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। উদ্বোধনী সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে কিছুক্ষণ কথা বলে রিভিউ না নিয়েই ড্রেসিংরুমের পথে হাঁটা দেন তরুণ ওপেনার। ম্যাচের দ্বিতীয় বলের মুখোমুখি হন তিন নম্বর ব্যাটার শুভমান গিল।

এই নিয়ে তৃতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট নিলেন মিচেল স্টার্ক। টেস্ট ক্রিকেটে এটিই সর্বোচ্চ। এছাড়া তিনবার ম্যাচের প্রথম বলে উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেড্রো কলিন্স। উল্লেখ্য, পার্থ টেস্টে বিশাল জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে তাদের ৪-১ ব্যবধানে সিরিজ জিততে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত