জোনায়েদ সাকি

ভারতের শক্তিতে হাসিনা দেশে ফেরত আসতে চায়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে ফ্যাসিবাদী হাসিনা দেশে ফেরত আসতে চায় বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সকল ষড়যন্ত্র, উসকানি মোকাবেলা করে জনগণের ঐক্যের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।

আজ শুক্রবার বিকেলে চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন গাজীপুর কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে। যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়। দরকার গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্থানীয় সরকার ব্যবস্থারও প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, আজকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন আছে, দুর্নীতি রোধের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখনো দেখা যাচ্ছে চাকরির নিয়োগে ঘুষ লেনদেন তদবির চলছে। আমাদের তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

গণসংলাপে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক লুবনা ইয়াসমিন, কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক আশরাফুল ইসলাম খোকন, গণসংহতি আন্দোলন আশুলিয়া থানা সদস্য সচিব নুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা  আহ্বায়ক ফাতেমা রহমান বিথি, জেলার বিভিন্ন থানার নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আমজাদ হোসেন, জেলার সদস্য সচিব লিটন হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত