খন্দকার মোশাররফ বললেন

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন-সম্পর্কিত সংস্কার করে সরকারকে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।’

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাদের উদ্যোগে আয়োজিত ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে, সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। জনগণকে হেয় করার কোনো সুযোগ নেই। জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে?’

তিনি বলেন, ‘সরকারকে রক্ষা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, এটা এ দেশের মানুষ প্রমাণ করেছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি। এজন্য সমর্থন করেছি, এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে বিদায় হতে হবে।’

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’

সভাপতির বক্তব্যে সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে সব পাঠ্যপুস্তকে সব আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করা প্রয়োজন। সব নেতৃত্বকারীর নাম সম্পৃক্ত করা প্রয়োজন। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত