শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বার্ধক্যজনিত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য এবং ট্রেজারার।
গতকাল শুক্রবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর আবেদনপত্র দেন উপাচার্য ড. অনুপম সেন, উপউপাচার্য শামীম সুলতানা এবং ট্রেজারার ড. তৌফিক সাঈদ।
বিশ্ববিদ্যালয়ে এ খবর পৌঁছানোর পর বিজয় মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিইসি সড়কে যান। এর আগে গত ৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৩ জনের পদত্যাগের জন্য ১ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। কিন্তু পদত্যাগ না করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসসহ অন্য দুটি ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেন এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।
